মোবাইল রিচার্জ কমেছে ২০ শতাংশ : অ্যামটব

৩ এপ্রিল, ২০২০ ০১:২৩  
মানুষের চলাচলের সীমাবদ্ধতার কারণে খুচরা চ্যানেলের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জের হার প্রায় ২০ শতাংশ কমেছে। আর তাই মোবাইল ফোনের রিচার্জ আউটলেট খোলা রাখতে পুলিশের সহায়তা চেয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। বৃহস্পতিবার সাংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই সাহায়তা চাওয়ার কথা জানিয়েছেন অ্যামটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ। বিবৃতিতে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের কথা বিবেচনা করে অপারেটররা ডেটা প্যাকের মূল্য ৫০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এতে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ডেটা ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছুদিন ধরে ভয়েস কল বা কথা বলা ২০ শতাংশ পর্যন্ত কমেছে। তিনি বলেন, এ সংকটকালে টেলিকমকে জরুরি পরিষেবা হিসেবে ঘোষণা করা হলেও দেখা যাচ্ছে, সরকারি নির্দেশাবলির ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক ধারণা না থাকায় টেলিকমের রিচার্জ পরিষেবায় বাধা আসছে। মোবাইলের স্থানীয় স্টোর এবং অন্যান্য রিচার্জ আউটলেটগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রত্যাশা করছে অ্যামটব। পাশাপাশি মোবাইল গ্রাহকদের অন্যান্য আর্থিক পরিষেবা যেমন ইলেকট্রনিক মানি ট্রান্সফার, মোবাইল মানি কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন ইত্যাদি ব্যবহার করে টকটাইম রিচার্জ করতে উৎসাহিতও করেন এসএম ফরহাদ।